ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, সবাই ঢাকা বিভাগের
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪১৮ জনে দাঁড়ালো। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মৃত তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৩৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, বরিশাল বিভাগে ১৮২ জন, খুলনা বিভাগে ১৩১ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রংপুর বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৯৭ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: