• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর, একদিনে ভর্তি ১০৪৯

ইউএনবি

প্রকাশিত: ১৭:৫৭, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০০, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর, একদিনে ভর্তি ১০৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৯ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৭৫ শিশুর। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮০ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮৮ শিশু। এ সময়ে নতুন করে ৮৮৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮৬৩ শিশু।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫।

এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ রোগী। তাঁদের মধ্যে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: