অতিরিক্ত টাকা দিলেই তাৎক্ষণিক সেবা, কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি, ইসিজি পরীক্ষার ফি আদায়ে রশিদ না দেওয়া, ইকো পরীক্ষায় নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া এবং ওষুধের মজুতে গরমিলের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট ও সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম। সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে টিমে ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।
দুদকের তথ্যমতে, প্রথমে ছদ্মবেশে হাসপাতালের পরিবেশ ও সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পরে সেবাগ্রহীতাদের বক্তব্য নেওয়া এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করা হয়। অভিযানে কার্ডিওলজি বিভাগে ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হলেও রশিদ না দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
টিমের পর্যবেক্ষণে, কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান ছোট কাগজে টোকেনের হিসাব রাখতেন। পরে সীমিতসংখ্যক রোগীর নামে রেজিস্টার ও রশিদ বইয়ে এন্ট্রি করা হতো বলে দুদক জানিয়েছে।
দুদকের ভাষ্য, ইকো রুম থেকে সংগ্রহ করা কয়েকটি ইসিজি রিপোর্ট রেজিস্টার ও রশিদ বইয়ের সঙ্গে মিলিয়ে দেখা হলে সংশ্লিষ্ট রোগীদের পরীক্ষার ফি জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে এলেও রেজিস্টারে নিয়মিত ৪০ থেকে ৪৫ জনের নাম লেখা হতো বলে অভিযানে পর্যবেক্ষণ করা হয়।
কার্ডিওগ্রাফারের ড্রয়ার থেকে টাকা জমার স্লিপের একটি বইও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে দুদক জানিয়েছে।
ইকো কার্ডিও রুমে অভিযান চালিয়ে দুদক সরকারি রেজিস্টারের পাশাপাশি সাদা কাগজে আলাদা তালিকা সংরক্ষণের বিষয়টি দেখতে পায়। দুদকের দাবি, সাধারণ রোগীদের ইকো পরীক্ষার তারিখ দুই থেকে চার দিন পর দেওয়া হলেও সরকারি নির্ধারিত ২০০ টাকার ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দেওয়া রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছিল। এ বিষয়ে কয়েকজন সেবাগ্রহীতার বক্তব্য নেওয়া হয়েছে।
অভিযানে হাসপাতালের বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্র ও কেন্দ্রীয় স্টোরের ওষুধের মজুতও যাচাই করা হয়। দুদক জানায়, ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার নিয়মিত হালনাগাদ করা হয়নি। কয়েকটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারের হিসাবের তুলনায় বাস্তবে কম মজুত পাওয়া গেছে। ‘মন্টিলুকাস্ট’ ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা থাকলেও গণনায় পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা।
কেন্দ্রীয় স্টোরে ওষুধের হিসাবেও গরমিল পাওয়া গেছে বলে দুদকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একটি ওষুধের রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও ‘এস্কেপ’ ও ‘বিকন’ ব্র্যান্ডের মিলিয়ে পাওয়া গেছে ১৭ হাজার ৬০৯টি। ‘হাইড্রোকর্টিসন ১০০ মিগ্রা’ ইনজেকশনের ক্ষেত্রে রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকলেও বাস্তবে পাওয়া গেছে ১৯ হাজার ১০০টি।
এসব ঘাটতির বিষয়ে স্টোর কিপার শ্যামল কান্তি রায় সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে দুদক জানিয়েছে। কয়েকটি ওষুধের গায়ে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্ন বা সিল না থাকার বিষয়টিও পর্যবেক্ষণ করেছে দলটি।
এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনার চালান ও পণ্যের গায়ের মূল্য যাচাই করে দরের অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বিজ্ঞপ্তিতে বলা হয়, চালানে ৮৯ টাকা দরে সাবান কেনার উল্লেখ থাকলেও সরেজমিনে যাচাই করা সাবানের গায়ে ৬০ টাকা মূল্য দেখা যায়। একইভাবে টয়লেট ক্লিনার, ফিনাইল, টিস্যু, হ্যান্ডওয়াশ, ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা ও পানির জগের ক্ষেত্রে চালানের দরের সঙ্গে পণ্যের গায়ে উল্লেখ করা মূল্যের বড় পার্থক্য পাওয়া গেছে।
দুদক জানিয়েছে, অভিযোগসংশ্লিষ্ট আরও কিছু নথি চাওয়া হলে সংশ্লিষ্টরা তা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন। নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।
বিভি/কুমিল্লা/এসবি













মন্তব্য করুন: