মৃত্যুহীন দিনের পরেই হাম উপসর্গে প্রাণ গেল ৯ শিশুর
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের তিনজন করে রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয় জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫২৬ জন। চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জনের শরীরে হামের সন্দেহজনক উপসর্গ পাওয়া গেছে।
অন্যদিকে, পরীক্ষাগারে নতুন করে নিশ্চিত হওয়া ৬৮ জন হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন এবং সিলেট বিভাগের ২৫ জন রয়েছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্তের তথ্য পাওয়া গেছে এই দুই বিভাগ থেকেই।
রোগী শনাক্তের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নেয়া মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ২০৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এক হাজার ১৩৯ জন।
বিভি/এসজি













মন্তব্য করুন: