২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১
প্রতীকী ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত ১ হাজার ৩৭৮ জনের মধ্যে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে পৌঁছেছে।
অন্যদিকে, একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এর ফলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
বিভি/বিএস/এমআর













মন্তব্য করুন: