ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইনফোসেককন -২০২৬”, সাইবার নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ
প্রকাশিত: ১৫:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দেশের সাইবার নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘ইনফোসেককন -2026”। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে সাইবার নিরাপত্তাবিষয়ক সংবাদ প্রকাশ মাধ্যম ইনফোসেক বুলেটিন। এবারের আয়োজনটি ছিল ‘ইনফোসেককনের এর পঞ্চম সংস্করণ।
সম্মেলনে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সেন্টার, টেলিযোগাযোগ, বিমান চলাচল, ব্যাংকিং ও আর্থিক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। আয়োজকরা বলছেন, নীতিনির্ধারক, প্রযুক্তি পেশাজীবী, গবেষক, শিক্ষাবিদ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এবারের সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় জাতীয় এআই কৌশল ও নিরাপদ এআই ব্যবহারের কাঠামো। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যৎ-উপযোগী ডেটা সেন্টার গড়ে তোলা এবং সাইবার অবকাঠামোকে আরও শক্তিশালী করার বিষয়টিও উঠে আসে আলোচনায়।
টেলিযোগাযোগ খাতের সাইবার নিরাপত্তা নিয়েও ছিল বিশেষ সেশন। দেশের বিপুলসংখ্যক মোবাইল গ্রাহকের তথ্য ও যোগাযোগব্যবস্থাকে সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন খাতসংশ্লিষ্টরা। সম্মেলনে ‘Inside The Hacker’s Mind: Attacks, Defense & Cyber Careers’ শীর্ষক সেশনে সাইবার হামলার কৌশল, প্রতিরোধ ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া মেইল সার্ভার কীভাবে আক্রমণের শিকার হতে পারে, আক্রমণের বিভিন্ন ধাপ এবং প্রতিরোধ ও প্রতিক্রিয়ার কৌশল লাইভ ডেমোন্স্ট্রেশনের মাধ্যমে দেখানো হয়।
এবারের আয়োজনে র্যানসমওয়্যার আক্রমণ ও এর পরবর্তী প্রতিক্রিয়া নিয়েও একটি সিমুলেশন দেখানো হয়। বাস্তব পরিস্থিতির আদলে পরিচালিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাইবার হামলার সময় প্রতিষ্ঠানের প্রস্তুতি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আক্রমণ মোকাবিলার কৌশল তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের জন্য সম্মেলনের প্রথম পর্বে ছিল সাইবার ক্যারিয়ার, প্রশিক্ষণ, গেম ও হ্যাকিং চ্যালেঞ্জসহ বিভিন্ন কার্যক্রম। আয়োজকরা জানান, ইন্ড্রাস্ট্রি একাডেমিয়া ও সরকারের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তরুণদের সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তোলাও এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান নাগরিকের তথ্য নিরাপত্তায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো সহ সব ধরনের তথ্যের নিরাপত্তায় ডিজিটাল আইডিসহ এআই পলিসি নিয়ে কাজ করছে সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ বলেন, সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিতে হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন দেশের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্টদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে।
বিভি/ এসআই













মন্তব্য করুন: