• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মোটা অঙ্কের টাকা পাবেন আইফোন ব্যবহারকারীরা, যেভাবে আবেদন

প্রকাশিত: ১৯:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মোটা অঙ্কের টাকা পাবেন আইফোন ব্যবহারকারীরা, যেভাবে আবেদন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের করা একটি মামলা নিষ্পত্তির অংশ হিসেবে এ অর্থ দিতে রাজি হয়েছে অ্যাপল। সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র বিভিন্ন এআই সক্ষমতার কথা তুলে ধরা হলেও এর কিছু ফিচার বাস্তবে চালু ছিল না। ফলে এসব বিজ্ঞাপনের ওপর নির্ভর করে গ্রাহকেরা সংশ্লিষ্ট আইফোন কিনতে প্রভাবিত হয়েছেন বলে অভিযোগ করা হয়।

যেভাবে ক্ষতিপূরণের আবেদন
নির্দিষ্ট কিছু আইফোন মডেলের যোগ্য ক্রেতারা এ ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। গত ২১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

যোগ্য গ্রাহকেরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ক্ষতিপূরণের দাবি জানাতে পারবেন। একই সময়সীমার মধ্যে চাইলে তারা মামলার নিষ্পত্তি থেকে নিজেদের প্রত্যাহারও করতে পারবেন।

কারা ক্ষতিপূরণ পাবেন
২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে বিক্রি হওয়া আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স কিনেছেন এমন গ্রাহকেরা এ নিষ্পত্তির আওতায় পড়বেন।

তবে ক্ষতিপূরণ পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট আইফোনের মূল বা প্রথম মালিক হতে হবে এবং ডিভাইসটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হতে হবে।

যোগ্য গ্রাহকেরা প্রতি ডিভাইসের জন্য ২৫ থেকে সর্বোচ্চ ৯৫ মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে প্রত্যেকে ঠিক কত টাকা পাবেন, তা নির্ভর করবে কতজন যোগ্য গ্রাহক ক্ষতিপূরণের দাবি জমা দেন তার ওপর।

ফক্স ফাইভ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, আবেদন জমা দেওয়ার পর বিষয়টি আদালতে শুনানি হবে। প্রস্তাবিত নিষ্পত্তি ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত কি না, তা আদালত নির্ধারণ করবেন। এ বিষয়ে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: