• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিটোপিয়ার নতুন চমক

ব্যবসার নিয়ন্ত্রণ থেকে তথ্যের সুরক্ষা, সমাধানে আসছে নতুন ৪ প্রযুক্তি

প্রকাশিত: ১৭:৫১, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৫, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্যবসার নিয়ন্ত্রণ থেকে তথ্যের সুরক্ষা, সমাধানে আসছে নতুন ৪ প্রযুক্তি

ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাব-নিকাশ, উৎপাদন ও কর্মী ব্যবস্থাপনা থেকে শুরু করে অতিথি অভ্যর্থনা এবং গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা—প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে ব্যবসা পরিচালনার বিভিন্ন কাজ সহজ করা এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চারটি নতুন এআই প্রযুক্তি উন্মোচন করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া লিমিটেড। নতুন এসব প্রযুক্তির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, অতিথি ব্যবস্থাপনা, নিজস্ব তথ্যের সুরক্ষা এবং এআই মডেল ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ প্রযুক্তিগুলো প্রদর্শন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করে।

বিটোপিয়ার নতুন চারটি সমাধান হলো এআইনির্ভর ব্যবসা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘বিজনেস ব্রেইন’, এআই রিসেপশনিস্ট ‘জয়া’, নিজস্ব এআই এজেন্ট ‘বেটো’ এবং ইনফারেন্স ক্লাউড ‘কিউসর’। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার কাজ একই প্রযুক্তিগত কাঠামোর আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সমাধানগুলো তৈরি করা হয়েছে।

নতুন উন্মোচন করা ‘বিজনেস ব্রেইন’ মূলত এআই এজেন্টনির্ভর একটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থা। এর মাধ্যমে বিক্রয়, উৎপাদন, ক্রয়, সরবরাহব্যবস্থা, হিসাব, মজুত ও কর্মী ব্যবস্থাপনার তথ্য একই প্ল্যাটফর্মে সংরক্ষণ ও বিশ্লেষণের সুযোগ থাকবে। প্রতিষ্ঠানের অনুমোদিত তথ্যের ভিত্তিতে এআই এজেন্ট বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সম্ভাব্য সমস্যা শনাক্ত এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দিতে পারবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হবে।

অন্যদিকে প্রতিষ্ঠানের অভ্যর্থনা ও অতিথি ব্যবস্থাপনার কাজ সহজ করতে আনা হয়েছে ‘জয়া’ নামের এআই রিসেপশনিস্ট। এটি দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, অতিথি নিবন্ধন এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগের মতো কাজ করতে পারবে। করপোরেট অফিসের পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক, হোটেল, বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তরেও এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছে বিটোপিয়া।

প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও নতুন প্রযুক্তিগুলোর অন্যতম গুরুত্ব পেয়েছে। এ উদ্দেশ্যে উন্মোচন করা হয়েছে নিজস্ব এআই এজেন্ট ‘বেটো’। বিটোপিয়ার দাবি, এটি ঢাকায় স্থাপিত নির্দিষ্ট গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) অবকাঠামোয় পরিচালিত হয়। ফলে ব্যবহারকারী প্রতিষ্ঠানের তথ্য দেশের ভেতরেই সংরক্ষণের সুযোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী নিজস্ব ক্লাউড বা সার্ভারেও এ ধরনের এআই এজেন্ট পরিচালনা করা যাবে। প্রতিষ্ঠানটির দাবি, গ্রাহকদের সরবরাহ করা তথ্য অন্য কোনো গ্রাহকের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয় না।

এদিকে এআই মডেল পরিচালনার জন্য ইনফারেন্স ক্লাউড ‘কিউসর’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে প্রতিষ্ঠান ও সফটওয়্যার ডেভেলপাররা নিজস্ব জিপিইউ সার্ভার স্থাপন না করেই ক্লাউডভিত্তিক অবকাঠামোয় ওপেন সোর্স এআই মডেল ব্যবহার করতে পারবেন। ব্যবহারের পরিমাণ অনুযায়ী খরচ নির্ধারণের পাশাপাশি ড্যাশবোর্ডের মাধ্যমে মডেল ব্যবহারের পরিমাণ ও ব্যয়ের হিসাব দেখার সুবিধা রয়েছে। এপিআইয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন, চ্যাটবট ও এআই এজেন্টের সঙ্গেও এটি যুক্ত করা যাবে। বিটোপিয়ার তথ্য অনুযায়ী, কিউসরের সার্ভার দেশের ভেতরে স্থাপিত।

প্রায় ১৪ বছর ধরে প্রযুক্তি খাতে কাজ করছে বিটোপিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এআইভিত্তিক নতুন সমাধান নিয়ে কাজ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
 

বিভি/কেএস/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত