• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

স্টারলিংকে অনুমোদন দিলো ভারত

প্রকাশিত: ১১:৪৮, ৭ জুন ২০২৫

ফন্ট সাইজ
স্টারলিংকে অনুমোদন দিলো ভারত

ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্টারলিঙ্ক সম্প্রতি ভারতের টেলিকম মন্ত্রণালয় থেকে স্যাটেলাইট পরিষেবা প্রদানের লাইসেন্স পেয়েছে। ফলে খুব শীঘ্রই ভারতের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে স্টারলিঙ্ক উচ্চ-গতির স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করতে পারবে।

এর আগে ভারতী এয়ারটেলের ওয়ানওয়েব ও রিলায়েন্স জিও এই পরিষেবার অনুমোদন পেয়েছিল। এখন স্টারলিঙ্ক এই প্রতিযোগিতামূলক বাজারে তৃতীয় সংস্থা হিসেবে প্রবেশ করছে । ভারতের একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে। 

প্রাথমিক অনুমোদন ও ট্রায়াল স্পেকট্রামের সুযোগ:

স্টারলিঙ্ককে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট (GMPCS) পারমিট দিয়েছে টেলিযোগাযোগ বিভাগ (DoT)। খুব শীঘ্রই কোম্পানিকে ট্রায়াল স্পেকট্রামও বরাদ্দ করা হবে। এরপর স্পেকট্রাম বরাদ্দ সম্পূর্ণ হলে, স্টারলিঙ্ককে সমস্ত সুরক্ষা ও নিয়ন্ত্রক শর্ত মেনে প্রয়োজনীয় সম্মতিপত্র জমা দিতে হবে।

IN-SPACE অনুমোদন এখনো বাকি

ভারতে পূর্ণাঙ্গ স্যাটেলাইট পরিষেবা চালু করার আগে, স্টারলিঙ্ককে IN-SPACE (Indian National Space Promotion and Authorization Center) থেকেও অনুমোদন নিতে হবে। সংস্থাটি ইতিমধ্যে প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিয়েছে, তবে এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।

স্পেকট্রাম বরাদ্দ ও TRAI-এর সুপারিশ

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) স্যাটেলাইট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য ৪ শতাংশ AGR (Adjusted Gross Revenue) নির্ধারণের সুপারিশ করেছে। সেই সঙ্গে, তারা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে স্পেকট্রাম বরাদ্দের পক্ষে মত দিয়েছে, যাতে নিলামের পরিবর্তে দ্রুত ও সহজে স্পেকট্রাম বরাদ্দ করা যায় এবং পরিষেবা দ্রুত চালু করা সম্ভব হয়।

স্টারলিঙ্কের সম্ভাব্য দাম ও পরিকল্পনা

স্টারলিঙ্ক ইতোমধ্যেই ভারতে অধিকাংশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং খুব দ্রুত পরিষেবা শুরু করতে পারে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি মাসে প্রায় ₹৮৫০ বা ১০ ডলার থেকে শুরু করে বিভিন্ন প্ল্যান চালু করতে পারে। এটি সম্ভবত বিশ্বব্যাপী সবচেয়ে সাশ্রয়ী স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাগুলির মধ্যে একটি হবে।

প্রাথমিক লক্ষ্য ১ কোটি গ্রাহক

দ্য ইকোনমিক টাইমস-এর তথ্য অনুযায়ী, স্টারলিঙ্ক সম্প্রতি DoT থেকে একটি লেটার অফ ইনটেন্ট (LoI) পেয়েছে, যা ভারতে কার্যক্রম শুরু করার জন্য একটি বড় পদক্ষেপ। এর আগে সংস্থাটি আইনি জটিলতার কারণে বিলম্বের সম্মুখীন হচ্ছিল। জানা গেছে, কোম্পানির লক্ষ্য ভারতজুড়ে ১ কোটি গ্রাহককে যুক্ত করা এবং সীমাহীন ডেটা সহ সাশ্রয়ী প্ল্যানের মাধ্যমে দ্রুত বাজার দখল করা।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত