মাদুরো ও তার স্ত্রীকে আটক: চীনের হুংকার
ছবি: ফাইল ফটো
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিলো চীন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বেইজিং। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশ থেকে বের করে নেওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও চেতনাকে সরাসরি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটনের উচিত প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত তাদের মুক্তি দেওয়া এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের যেকোনো প্রচেষ্টা থেকে সরে আসা। সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক আলোচনার পথেই অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে চীন।
ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি আইনি কর্তৃত্বেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা এই ঘটনাকে আরও সংবেদনশীল করে তুলেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল দাবি করেছেন, সিলিয়া ফ্লোরেস ও প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সংশ্লিষ্ট গুরুতর অভিযোগ রয়েছে এবং তাদের সেই অভিযোগের মুখোমুখি হতে হবে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে লাতিন আমেরিকার ভূরাজনীতিতেও।
বিভি/এমআর



মন্তব্য করুন: