ইরানের অবরোধ
হরমুজে আটকা ২১৯০ জাহাজ, তেল-গ্যাস পরিবহন প্রায় বন্ধ!
ছবি: আরব নিউজ
ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে বুধবার (১ এপ্রিল) পর্যন্ত আরব উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে রয়েছে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার। আটকে পড়া জাহাজগুলোর মধ্যে ১২টি বড় গ্যাস ক্যারিয়ার এবং ৫০টি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকার রয়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলার জানিয়েছে, মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে মাত্র ৬টি জাহাজ প্রণালী অতিক্রম করতে পেরেছে, যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ চলাচল করে।
যেসব জাহাজ পার হয়েছে, তাদের ইরানের অনুমোদিত একটি নির্দিষ্ট করিডোর দিয়ে যেতে হয়েছে। এছাড়া ইরান অনুমতি পাওয়া জাহাজগুলোর কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি নিচ্ছে—যা ‘তেহরান টোল বুথ’ নামে পরিচিত।
বিশ্লেষকদের মতে, এই সংকটে সৌদি আরব ও কাতারের মতো বড় তেল-গ্যাস উৎপাদক দেশগুলোর রফতানি কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে উপসাগরজুড়ে প্রায় ২০ হাজার নাবিক এখনো আটকে আছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। ব্রিটেন কয়েকটি দেশের সঙ্গে আলোচনা আয়োজন করছে। পাশাপাশি চীন ও পাকিস্তান যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে সতর্ক করেছেন—না মানলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে। সূত্র: আরব নিউজ
বিভি/এমআর



মন্তব্য করুন: