বাংলাদেশকে ছাড়াই কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা
সম্পর্কের টানাপোড়েন এবং বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বেশ কিছুদিন যাবত চলছে উত্তেজনা। এবার বাংলাদেশকে ছাড়াই কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা।
তথ্যসূত্র অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক বইমেলা। চলতি বছরে সরাসরি ও যৌথভাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ। ছোট-বড় মিলিয়ে হাজারের ওপর প্রকাশনী থাকবে বইমেলায়। এর আগে ২০২৫ সালে সল্টলেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ছিলো বাংলাদেশের কোনো স্টল।

জানা যায়, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ আর্জেন্টিনা। আগামী ২২ জানুয়ারি বিকাল ৪টায় বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোত্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিকও বিভিন্ন মন্ত্রীবর্গরা। তবে, সেখানে থাকবেন না বাংলাদেশের কোন কবি-সাহিত্যিক-লেখক। আগামী ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ১৩ দিন চলবে এই বইমেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার প্রবেশদ্বার খোলা থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনে দ্বিতীয়বারের মতো কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশি প্যাভিলিয়ন। কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন যে স্থানে হতো সেখানে এবার দেখা যাবে আর্জেন্টিনা ও পেরুর প্যাভিলিয়ন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: