• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানের পাহাড়ি খাদে মিনিবাস, মুহূর্তেই নিভে গেল ১২ প্রাণ

প্রকাশিত: ০০:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আফগানিস্তানের পাহাড়ি খাদে মিনিবাস, মুহূর্তেই নিভে গেল ১২ প্রাণ

ছবি: আল আরাবিয়া

সকালের যাত্রা শুরু হয়েছিল স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে। কেউ যাচ্ছিলেন কাজে, কেউ প্রিয়জনের কাছে, কেউ হয়তো নতুন জীবনের আশায়। কিন্তু আফগানিস্তানের বাদাখশান প্রদেশের পাহাড়ি সড়কে সেই যাত্রাই রূপ নেয় মৃত্যু মিছিলে।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১২ জন—যাদের মধ্যে ছিলেন নারী, পুরুষ ও নিষ্পাপ শিশুরাও। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, বাসটি প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। দুর্গম পাহাড়ি পথে হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে যায় নিচের খাদে।

খবর পেয়ে উদ্ধারকারী দল ছুটে গেলেও দুর্গম এলাকায় পৌঁছাতে সময় লাগে। ভাঙাচোরা বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের নিথর দেহ একে একে বের করে আনা হয়। আহতদের আর্তনাদ আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

উল্লেখ্য, গত বছরের আগস্টেই পশ্চিমাঞ্চলীয় হেরাতে ইরানফেরত অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় মারা যান ৭৮ জন, যাদের মধ্যে  বেশিরভাগই ছিলো শিশু। সূত্র: আল আরাবিয়া

বিভি/এমআর

মন্তব্য করুন: