• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সহপাঠীকে হত্যার পর নিজের মাথায়ও গুলি 

প্রকাশিত: ২০:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সহপাঠীকে হত্যার পর নিজের মাথায়ও গুলি 

ভারতের পাঞ্জাব প্রদেশের তরন তারন জেলায় ক্লাসরুমে সহপাঠীকে গুলি করে হত্যা করে এক শিক্ষার্থী। এরপর ওই একই আগ্নেয়াস্ত্র দিয়ে নিজের মাথায়ও গুলি করে সে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে তিন সেকেন্ডের মধ্যে ঘটে যায় এই ট্র্যাজেডি। 

নিহত ছাত্রী সন্দীপ কৌর নওশেরা পান্নুয়ানের বাসিন্দা। আর অভিযুক্তের নাম প্রিন্স রাজ, তিনি জলন্ধর জেলার মালিয়ান গ্রামের বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রথম বর্ষের আইন বিভাগের ছাত্র প্রথমে সহপাঠী ছাত্রীকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর অভিযুক্ত শিক্ষার্থী নিজের মাথায়ও গুলি চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে প্রিন্স রাজ শ্রেণিকক্ষে প্রবেশ করে সন্দীপ কৌরের পাশ দিয়ে হেঁটে যায়। ফুটেজে দেখা যায়, কৌরের মন্তব্যে রাজ কোনো প্রতিক্রিয়া জানাননি, এরপর কৌর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যান। রাজ তার পিছু নেন। এসময় তার অপর এক সহপাঠী তাকে থামানোর চেষ্টা করেন।

পরে ভিডিওতে দেখা যায়, তৃতীয় সেই সহপাঠী হাসতে হাসতে রাজ ও কৌরকে শ্রেণিকক্ষের পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। দুই ছাত্রী শেষ বেঞ্চে বসেন এবং রাজ তাদের সামনে বসেন। এ সময় কৌরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎ রাজ উঠে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে পেছন ফিরে কৌরের মাথায় গুলি করে। এরপর রাজ তিন পা এগিয়ে নিজের মাথায় গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, কী কারণে কৌরকে হত্যা করেছে রাজ, তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশের মতে, দুইজনই তরন তারনের উসমা গ্রামে অবস্থিত একটি আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

বিভি/এসজি

মন্তব্য করুন: