এবার ভারতে বিকট শব্দে আছড়ে পড়লো এয়ার অ্যাম্বুলেন্স, মুহূর্তেই তছনছ
ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ অন্তত সাত আরোহী নিহত হয়েছে। দিল্লির উদ্দেশে সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বিমানটি রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
উড্ডয়নের পর আধ ঘণ্টার মধ্যে বিমানটি নিখোঁজ হয়। পরে সিমারিয়ার বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত হওয়া তথ্য নিশ্চিত করে ঝাড়খণ্ড রাজ্য প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যমতে, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিলো। ঝোড়ো আবহাওয়ার মধ্যে বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে।
বিজয় কুমার নামে রোগীর এক আত্মীয় বলেন, সড়কপথে যাত্রা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলেই এয়ার অ্যাম্বুলেন্স বেছে নিয়েছিলেন তারা। প্রাথমিকভাবে বৈরি আবহাওয়াকে বিমান দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হলেও ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: