• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

প্রকাশিত: ১৯:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১২মিনিটে দেশটির হিন্দুকুশ অঞ্চলে এ কম্পনের উৎপত্তি হয়। এতে কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান ও তাজিকিস্তানও।

পাকিস্তানের স্থানীয় প্রশাসন জানায়, ভূমিকম্পে দেশটির ইসলামাবাদ, সোয়াত, পেশোয়ার, চিত্রলসহ বিভিন্ন শহরে কেঁপে ওঠে।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ৩৬ দশমিক ৯৯° উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ৪১° পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্প আঘাত হানা শহরগুলোর বাসিন্দারা তীব্র কম্পনের কথা জানিয়েছেন। যার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

গত মাসেও ইসলামাবাদ এবং এর আশেপাশের এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিলো, যা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিলো। 

সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ১ এবং এর গভীরতা ছিলো ১৫৯ কিলোমিটার।

সেই সময় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, মালাকান্দ, মুজাফফরাবাদ, গিলগিট, স্কার্দু এবং অ্যাবোটাবাদসহ দেশের অন্যান্য অংশেও স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছিলো। এছাড়া আজাদ কাশ্মীর এবং ভারত-শাসিত কাশ্মীরেও কম্পনের খবর পাওয়া গিয়েছিলো। 

এদিকে আফগানিস্তান ও তাজিকিস্তানেও ভূমিকম্প অনুভূত হলেও দেশ দুটিতে আসলে এর কেমন প্রভাব পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। -সূত্র: দ্য ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত