বাংলাদেশের ভূমিকম্পে কাঁপলো কলকাতাও
ছবি: এনডিটিভি
বাংলাদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের কলকাতাও। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে বাংলাদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৪। গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ৯।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিলো ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।
গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো আশাশুনি উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে।
এদিকে শুক্রবারের (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অনুভূত এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতা শহরজুড়ে। বহু ভবন দুলতে দেখা যায় এবং মানুষজন দ্রুত বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে জানানো হয়েছে, তবে ক্ষয়ক্ষতির কোনও নিশ্চিত খবর এখনও পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শুক্রবার দুপুরে স্থানীয় সময় প্রায় দেড়টার দিকে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানালেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ৩ মাত্রার বলে জানানো হয়।
ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশের খুলনা থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় কলকাতা ও আশপাশের এলাকায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে এনডিটিভি জানিয়েছে, শক্তিশালী কম্পনের পর কলকাতার বিভিন্ন অফিস ভবন থেকে মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে কলকাতাজুড়ে কম্পন অনুভূত হয়, যার উৎস ছিল বাংলাদেশে। রয়টার্সের বরাতে ইএমএসসি জানায়, শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
সূত্র: এনডিটিভি
বিভি/এসজি



মন্তব্য করুন: