হঠাৎ মার্কিন নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ
মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইরান-ইসরায়েল সংঘাত নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। ইরানে হামলার আশঙ্কার মধ্যে এবার নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরায়েলে ভ্রমণ না করতেও বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, “যতক্ষণ বাণিজ্যিক বিমান চলাচল করছে, এই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ুন।”
মার্কিন গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।
এর আগে গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। কিন্তু সেখানে স্পষ্ট কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ, এরসঙ্গে কয়েক ডজন যুদ্ধবিমান জড়ো করেছেন। আশঙ্কা করা হচ্ছে, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দেবেন।
এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের অবহিত করেন যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন আজই চলে যান।
দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেছেন, যে দেশেরই বিমানের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন।
বিভি/এজেড



মন্তব্য করুন: