• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

কতোজন তালেবান সদস্য নিহত, জানালেন পাকিস্তানি মুখপাত্র

প্রকাশিত: ১৭:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কতোজন তালেবান সদস্য নিহত, জানালেন পাকিস্তানি মুখপাত্র

আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। এছাড়া আহত হয়েছেন আরও ৩১৪ জন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে।

এর আগে সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।

এদিকে পাকিস্তান জানিয়েছে, তালেবানের হামলায় দেশটিতে ২৭ জন আহত হয়েছে। অন্যদিকে, তালেবান সরকার জানিয়েছে, তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছে।

এছাড়া পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। আফগানিস্তানের সরকার বলেছে, গত বুধবার তারা ডুরাল্ড লাইন (আফগান–পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী।

এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানায় আফগানিস্তানে জাতিসংঘের মিশন। তবে ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানায় কাবুল।

জবাবে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ।

এর পরপর গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দেন।

সূত্র: আল জাজিরা 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত