দক্ষিণ সুদানে ‘অতর্কিত’ হামলায় অন্তত ১৬৯ জন নিহত
দক্ষিণ সুদানের উত্তরের রুয়েং প্রশাসনিক এলাকায় অতর্কিত সশস্ত্র হামলায় অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) স্থানীয় সময় ভোররাতে সংঘটিত নৃশংস এই হামলায় আরও অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৯০ জন শিশু, নারী ও বৃদ্ধ। বাকি ৭৯ জন আঞ্চলিক বাহিনীর সদস্য ও পুলিশ রয়েছে।
রুয়েং প্রশাসনিক এলাকার তথ্যমন্ত্রী জেমস মনিলুয়াক মিজোক জানান, স্থানীয় সময় ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে হামলাকারীরা আবিয়েমনম কাউন্টিতে প্রবেশ করে। সে সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় তারা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় হামলার শিকার হন। হামলাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তথ্যমন্ত্রী মিজোকের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি স্টেট থেকে এসেছিল এবং তারা সুদান পিপলস লিবারেশন আর্মি ইন অপোজিশন (এসপিএলএ-আইও)-এর সঙ্গে সম্পৃক্ত।
তবে এ অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে এসপিএলএ-আইও। সংগঠনটির পাল্টা দাবি, ইউনিটি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এ সহিংস ঘটনাকে ব্যবহার করছে এবং তাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
দেশটিতে রাজনৈতিক উত্তেজনা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়েছে। এর আগে জাতিসংঘ সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, ক্রমাগত সহিংসতা ও সংঘাতের জেরে দক্ষিণ সুদান আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে। রোববারের এই ভয়াবহ হত্যাকাণ্ড সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: