৩০টির বেশি ইরানি বিশ্ববিদ্যালয় ‘সরাসরি হামলার’ শিকার
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানমন্ত্রী। রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ইরান স্টুডেন্টস’ নিউজ এজেন্সি (ইসনা) এ তথ্য জানিয়েছে। শনিবার (৪ এপ্রিল) সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিমাই সাররাফ বলেন, অসামরিক স্থাপনা এবং শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এর ফলে আজ লাখ লাখ স্কুলশিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে।
ইরানের রেড ক্রিসেন্ট এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল তেহরানের মর্যাদাপূর্ণ শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের ভবন যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের দাবি, এসব হামলার উদ্দেশ্য হলো দেশের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া।
অন্যদিকে ইসরাইল বলছে, এসব হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি দুর্বল করার বৃহত্তর কৌশলের অংশ। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না।
এদিকে এসব হামলার প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দিয়েছে, তারা অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: