আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে এক পরিবারের ৮ জন নিহত
আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে একই পরিবারের আটজন সদস্য নিহত হয়েছেন। কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় তাদের বসতবাড়ি ধসে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান শনিবার (৪ এপ্রিল) জানান, প্রায় দুই বছর বয়সী একটি শিশু এ ঘটনায় একমাত্র জীবিত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, শিশুটি আহত হয়েছে। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে (১৬:১২ জিএমটি) ৫.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে এবং এর গভীরতা ছিল প্রায় ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল)।
রাজধানী কাবুল ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। দুর্গম এলাকা হওয়ায় কেন্দ্রস্থলের কাছাকাছি অঞ্চল থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। এমনকি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও এর প্রভাব অনুভূত হয়।
এছাড়া পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চিত্রাল, সোয়াত ও শাংলা এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে এসব এলাকায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: