ইরানকে ট্রাম্পের ভয়াবহ আল্টিমেটাম!
ছবি: ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)
হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ইরানকে শেষবারের মতো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী সোমবার (৬ এপ্রিল) এর মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ডেডলাইন ঘোষণা করেন। তিনি জানান, এর আগে ইরানকে চুক্তিতে আসা কিংবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার এখন মাত্র ৪৮ ঘণ্টা বাকি। নির্ধারিত সময় শেষ হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা শুরু হবে বলেও সরাসরি সতর্ক করেন ট্রাম্প।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানকে দেওয়া সময়সীমা বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। ফলে সোমবারই হচ্ছে তার ঘোষিত চূড়ান্ত সময়সীমা।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে।
ট্রাম্পের পোস্টে ‘গ্লোরি বি টু গড’ শব্দবন্ধ ব্যবহার করে তার অনড় মনোভাব স্পষ্ট হয়েছে। এখন আলোচনার কেন্দ্রে রয়েছে—তেহরান কি এই সময়ের মধ্যে অবস্থান বদলাবে, নাকি অঞ্চলজুড়ে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হবে। সূত্র: দ্য গার্ডিয়ান
বিভি/এমআর



মন্তব্য করুন: