• NEWS PORTAL

  • সোমবার, ০৯ মার্চ ২০২৬

‘ইরানি ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ’

প্রকাশিত: ২২:৫৬, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
‘ইরানি ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ’

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে ইরান থেকে ছোড়া ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১টি দেশ, এমনটি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৯ মার্চ) তিনি এ তথ্য প্রকাশ করেন। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো কিভাবে প্রতিহত করা যাবে, সে বিষয়ে কিয়েভের কাছ থেকে সহায়তা চেয়েছে ১১টি দেশ।

তিনি আরো বলেন, এসব দেশগুলো ইউক্রেনের অভিজ্ঞতা থেকে সাহায্য চেয়েছে, বিশেষ করে প্রাণহানি রোধ, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে। বর্তমানে ইরানের প্রতিবেশী দেশ, ইউরোপীয় কয়েকটি রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে।

ইউক্রেন দাবি করছে, রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইরান থেকে আসা ড্রোনগুলো মোকাবিলা করতে তাদের নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে।

এদিকে, তুরস্কও ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ গাজিয়ানটেপ শহরে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, আমরা সুপ্রতিবেশী সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, তবে আমাদের ভূখণ্ড ও আকাশসীমায় আসা যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করব না।

এতে আরও বলা হয়, আমরা আবারও বলছি, তুরস্কের সতর্কবার্তা গুরুত্বের সাথে নেওয়া সবার জন্য মঙ্গলজনক হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত