• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

ট্রাম্পের হুমকির জবাবে ‘হরমুজ প্রণালি’ নিয়ে চরম হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: ২৩:৫৪, ২২ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৫৮, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ট্রাম্পের হুমকির জবাবে ‘হরমুজ প্রণালি’ নিয়ে চরম হুঁশিয়ারি ইরানের

ইরানের সাথে যুদ্ধের মধ্যে বারবার সিদ্ধান্ত পাল্টানো মার্কিন যুক্তরাষ্ট্র এবার দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছে। এই হুমকির জবাবে সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালালে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (সোমবারের মধ্যে) যদি হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত না করা হয়, তবে মার্কিন বিমানবাহিনী ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো মাটির সাথে মিশিয়ে দেবে।

ট্রাম্পের বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতি দেয় ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া। সেখানে বলা হয়েছে, যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে একটি বোমাও পড়ে, তবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেওয়া হবে। ধ্বংস হওয়া বিদ্যুৎকেন্দ্র পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত এই পথ আর খুলবে না।

এদিকে ইরান কেবল যুক্তরাষ্ট্রের ওপরই নয়, বরং ইসরায়েলের জ্বালানি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) অবকাঠামোতে হামলার ঘোষণা দিয়েছে। এছাড়া যেসব প্রতিবেশী দেশ মার্কিন ঘাঁটিকে জায়গা দিচ্ছে, তাদের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্রকল্পগুলোকেও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: