মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র, যুদ্ধের মাঝেই শান্তি দাবি ট্রাম্পের
যুদ্ধ বন্ধে ইরান প্রবলভাবে শান্তি চুক্তি করতে আগ্রহী; এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এ দাবি অস্বীকার করেছে তেহরান। এদিকে, টানা ২৬তম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান।
রাজধানী তেহরানসহ আশপাশের এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ধসে পড়েছে স্কুল ও আবাসিক ভবন। তেহরানের দক্ষিণাঞ্চলে অন্তত ১২ জন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করেছে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। এসব হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলে একজন নিহত হয়েছে। তেল আবিবের কাছাকাছি বেনি ব্রাক ও গাভাত শেমুয়েল শহরে অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ইরানের ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জ্বালানিবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। একই সময়ে লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।
এদিকে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলছে, এমন দাবি করলেও তা অস্বীকার করেছে তেহরান। অন্যদিকে, নিজের বক্তব্যে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সঠিক পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনায় মধ্যস্থতা করছেন। তিনি দাবি করেন, ইরানের মধ্যস্থতাকারীরা তেল ও গ্যাসসহ গুরুত্বপূর্ণ সম্পদ যুক্তরাষ্ট্রকে দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে বলেও তারা সতর্ক করেছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: