• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

এবার ইরানকে চরম হুমকি দিলেন উগান্ডার সেনাপ্রধান

প্রকাশিত: ১২:০৮, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১২:০৮, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার ইরানকে চরম হুমকি দিলেন উগান্ডার সেনাপ্রধান

ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই এবার ইরানকে হুমকি দিলো উগান্ডা। দেশটির সেনাপ্রধান হুমকি দিয়ে বলেছেন, ইরানকে গুড়িয়ে দেওয়া হবে। একই সাথে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন উগান্ডার সামরিক বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা।

তিনি জানিয়েছেন, চলমান সংঘাতে ইসরায়েল যদি কখনো পরাজয়ের মুখে পড়ে, তবে তাদের পক্ষে যুদ্ধে যোগ দেবে উগান্ডা। বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। জেনারেল মুহুজি কাইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।

এক্সের বার্তায় উগান্ডার সেনাপ্রধান বলেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই সংঘাত নিয়ে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো আলোচনা সামনে এলে আমরা সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দেব।’

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তার এই মন্তব্য সামনে এলো।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

এই সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেল আমদানি-রপ্তানি হুমকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে।

সম্প্রতি জেনারেল কাইনেরুগাবা আরো একটি কারণে আলোচনায় আসেন। ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান (ইয়োনি) নেতানিয়াহুর স্মরণে একটি ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, নিহত এই কমান্ডো ছিলেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপন ভাই। সূত্র: আনাদোলু এজেন্সি

বিভি/এজেড

মন্তব্য করুন: