• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

৭ বছর পর ইরান থেকে আবার তেল আমদানি করছে ভারত

প্রকাশিত: ২১:৫১, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৫৩, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
৭ বছর পর ইরান থেকে আবার তেল আমদানি করছে ভারত

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালীর মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতীয় তেল শোধনাগারগুলো আবারও ইরান থেকে তেল আমদানি শুরু করেছে। শনিবার (৪ এপিল) এ তথ্য জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়। এর মাধ্যমে দীর্ঘ ৭ বছর ইরান থেকে আবার তেল আমদানি করছে ভারত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা ভারত ২০১৯ সালের মে মাসের পর প্রথমবারের মতো তেহরান থেকে তেল কিনছে। যুক্তরাষ্ট্রের চাপের কারণে এতদিন ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধ ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে সরবরাহে বিঘ্ন ঘটায় দক্ষিণ এশিয়ার এই দেশটি নতুন করে চাপে পড়ে।

ভারতের তেল মন্ত্রণালয় এক্স বার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের মধ্যে ভারতীয় শোধনাগারগুলো তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেল সংগ্রহ নিশ্চিত করেছে, যার মধ্যে ইরানও রয়েছে। ইরান থেকে তেল আমদানিতে কোনো অর্থপ্রদানের জটিলতা নেই।

গত মাসে সরবরাহ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে।

মন্ত্রণালয় আরও জানায়, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেলের পুরো চাহিদা ইতোমধ্যে নিশ্চিত করেছে ভারত। বর্তমানে দেশটি ৪০টির বেশি দেশ থেকে তেল আমদানি করে এবং বাণিজ্যিক বিবেচনায় বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহে কোম্পানিগুলোর পূর্ণ স্বাধীনতা রয়েছে।

এছাড়া ভারত সম্প্রতি নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজের মাধ্যমে ৪৪ হাজার মেট্রিক টন ইরানি তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করেছে। জাহাজটি বুধবার পশ্চিমাঞ্চলের মাঙ্গালোর বন্দরে নোঙর করে এবং বর্তমানে জ্বালানি খালাস করছে বলে জানানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: