• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফিলিপাইনে জাহাজে আগুন: নিহত বেড়ে ৭৭, নিখোঁজ ৮

প্রকাশিত: ১১:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফিলিপাইনে জাহাজে আগুন: নিহত বেড়ে ৭৭, নিখোঁজ ৮

ছবি: ইন্টারনেট

ফিলিপাইনের পর্যটনকেন্দ্র পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো আটজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পিসিজি জানায়, গত ৯ সেপ্টেম্বর পালাওয়ান প্রদেশের উপকূলীয় জলসীমায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক নৌকর্মীর মৃত্যু হলে মৃতের সংখ্যা সংশোধন করে ৭৭ জন করা হয়।

পিসিজি আরও জানিয়েছে, জাহাজের যাত্রী তালিকায় থাকা চারজন আসলে জাহাজে ওঠেননি। ফলে দুর্ঘটনার সময় জাহাজে থাকা মানুষের প্রকৃত সংখ্যা টিকিটের তালিকায় উল্লেখিত সংখ্যার চেয়ে কম ছিল।

কোস্ট গার্ডের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনে জাহাজটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনাস্থলে ছাই ও পোড়া ধাতব অংশ পড়ে থাকতে দেখা যায়।

জাহাজটিতে ১২৮ জন যাত্রী ও কর্মী ছিলেন। ম্যানিলা থেকে যাত্রা করা জাহাজটি করোন পৌরসভার কাছাকাছি জলসীমায় পৌঁছালে আগুন ধরে যায়। করোন ফিলিপাইনের অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র।

ফিলিপাইনের দ্বীপপুঞ্জের বিভিন্ন অঞ্চলের মধ্যে যাতায়াতে এ ধরনের ফেরি নিয়মিত ব্যবহার করা হয়। দেশটিতে বৈরী আবহাওয়া, জাহাজের যথাযথ রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নে দুর্বলতার কারণে মাঝেমধ্যে এ ধরনের সামুদ্রিক দুর্ঘটনা ঘটে।

সূত্র: সিনহুয়া

বিভি/পিএইচ

মন্তব্য করুন: