নিউ মেক্সিকোয় আকস্মিক বন্যায় শিশুসহ ৩ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ভারী বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু রয়েছে। বন্যার পানিতে সড়কগুলো তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হয়েছে। নাভাজো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রেন বুধবার জানান, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট) উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর নিউকম্ব এলাকার কাছে বন্যার পানিতে কয়েকজন ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি জানান, এ ঘটনায় দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বৃষ্টিপ্রবণ ও বন্যাকবলিত এলাকাগুলোতে বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেন তিনি।
বু নাইগ্রেন বলেন, ‘হঠাৎ করে প্রিয়জনকে হারানোর কষ্ট লাঘব করার মতো কোনো শব্দ নেই। তিনটি প্রাণ হারানোর ঘটনায় আমাদের হৃদয় ভারাক্রান্ত। শোকাহত পরিবার, স্বজন ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। কঠিন এই সময়ে আপনাদের পরিবার ও পুরো সম্প্রদায়ের ভালোবাসা, শক্তি ও সান্ত্বনা ঘিরে থাকুক- আমরা সেই প্রার্থনা করি।’
নিউ মেক্সিকোর আলবুকার্কভিত্তিক ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) মঙ্গলবার বিশেষ সতর্কতা জারি করে আগামী কয়েক দিনে ব্যাপক বজ্রঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছিল। বুধবারও সংস্থাটি সতর্কতা পুনর্ব্যক্ত করে জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের তুলনায় আর্দ্রতার মাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনডব্লিউএস আলবুকার্ক জানায়, নিউ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা কার্যকর রয়েছে। তবে মধ্য ও উত্তর নিউ মেক্সিকোর যেকোনো স্থানেই আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো ও ইউটাহর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর কিছু এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা এবং মধ্য ও উত্তর অ্যারিজোনার বিস্তীর্ণ এলাকায় বন্যার পূর্বসতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, নিউ মেক্সিকোয় বন্যায় তিনজনের মৃত্যুর ঘটনা এমন সময় ঘটল, যখন কয়েক সপ্তাহ আগেই অ্যারিজোনার জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্র গ্র্যান্ড ক্যানিয়নে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছিল। তখন তিনজন হাইকার পানির স্রোতে ভেসে যান এবং আরও কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়।
সূত্র: আলজাজিরা
বিভি/পিএইচ













মন্তব্য করুন: