• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট: এশিয়ার এক দেশে বিয়েতে মাত্র এক পদ রান্নার নির্দেশ

প্রকাশিত: ১৯:২২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জ্বালানি সংকট: এশিয়ার এক দেশে বিয়েতে মাত্র এক পদ রান্নার নির্দেশ

জ্বালানি সংকট মোকাবিলা ও ব্যয় কমাতে নতুন করে বেশ কিছু কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। এর মধ্যে সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ অর্ধেক করা, নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা, কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত এবং সরকারি নৈশভোজ বন্ধের সিদ্ধান্ত রয়েছে। এমনকি দেশটির বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য আয়োজনে মাত্র একটি পদ পরিবেশনের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাস সরকারি যানবাহনে জ্বালানি সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে। একই সময়ে ২০২৬-২৭ অর্থবছরে কর্মী-সংক্রান্ত নয়—এমন ব্যয়ের বাজেট ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি দপ্তরগুলোতে তথ্যপ্রযুক্তি সরঞ্জাম কেনা ছাড়া অন্যান্য টেকসই পণ্য কেনার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর ও ভ্রমণ স্থগিত থাকবে। তবে বৃত্তির আওতায় থাকা সফর এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় বৈঠকে সরাসরি উপস্থিতির পরিবর্তে সম্ভব হলে দূরবর্তী যোগাযোগব্যবস্থা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এতে জ্বালানি ব্যবহার ও সরকারি ব্যয়—দুটিই কমানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।

এ ছাড়া পাকিস্তানের সব ধরনের বিয়ের অনুষ্ঠান ও আয়োজনে মাত্র একটি খাবারের পদ পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সাশ্রয় ও ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চেও একই ধরনের কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান সরকার। সে সময় জ্বালানি সাশ্রয়ের জন্য দেশটির সব স্কুল দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়। সরকারি দপ্তরগুলোতে জ্বালানি ব্যবহার কমানোর পাশাপাশি কর্মীদের সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার উৎসাহ দেওয়া হয়েছিল।

নতুন এসব পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো, যখন পাকিস্তান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকটের মুখে রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটায় দেশটির জ্বালানি ব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে। এর পাশাপাশি বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

গত মঙ্গলবার পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ৪ দশমিক ১০ পাকিস্তানি রুপি এবং উচ্চগতির ডিজেলের দাম ৬ দশমিক ৪১ রুপি বাড়ানো হয়। এতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটারপ্রতি ৩৮৪ দশমিক ৩৪ রুপি এবং ডিজেলের দাম ৪১৫ দশমিক ৮৩ রুপি।

জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক জানিয়েছেন, জ্বালানি সহায়তা কর্মসূচির মাধ্যমে মূল্যবৃদ্ধির প্রভাব ভোক্তাদের ওপর থেকে কিছুটা কমানোর চেষ্টা করছে সরকার।

নতুন একটি নীতির আওতায় মোটরসাইকেল, রিকশা ও ছোট গাড়ির মালিকদের প্রতি লিটার জ্বালানিতে ১০০ পাকিস্তানি রুপি ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা পেতে মাসিক জ্বালানি ব্যবহারের নির্দিষ্ট সীমা মানতে হবে।

আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। জ্বালানির দাম বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ এবং আমদানি ব্যয়ের চাপ সামলাতে এবার সরকারি ব্যয় কমানোর পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন আয়োজনেও কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

বিভি/টিটি

মন্তব্য করুন: