• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনার প্রসঙ্গে যা বললো ভারত

প্রকাশিত: ২১:১২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনার প্রসঙ্গে যা বললো ভারত

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে—এমন খবর ভারতের নজরে এসেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। স্বাভাবিকভাবেই, ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও নিশ্চিত করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।

সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে—এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই, ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।’

এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শর্ত বা বিষয় রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

পরে ১৩ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেন, এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা ও পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গার পানিবণ্টনসহ পানি-সংক্রান্ত সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের ব্যবস্থা রয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, পানি-সংক্রান্ত কারিগরি পর্যায়ের বৈঠকগুলো নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। গঙ্গার পানিবণ্টনসহ অন্যান্য অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: