• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কড়াকড়ির মধ্যেও যাদের দ্রুত ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১৮:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কড়াকড়ির মধ্যেও যাদের দ্রুত ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

ফসল কাটার মৌসুমকে সামনে রেখে কৃষি খাতে বিদেশি শ্রমিকদের ভিসা দ্রুত দেওয়ার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার জানিয়েছে, কৃষিকাজে বিশেষ দক্ষতা রয়েছে এবং আগে থেকেই খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন—এমন বিদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এই উদ্যোগের ফলে ফসল কাটার মৌসুমে শ্রমিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা অনেকটাই কমেছে। এতে স্বস্তি ফিরেছে দেশটির কৃষক ও খামার মালিকদের মধ্যে।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রফতানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় কৃষি খাতে বিপুলসংখ্যক মৌসুমি বিদেশি শ্রমিকের প্রয়োজন হয়।

তবে অভিবাসীর সংখ্যা কমানোর সরকারি উদ্যোগের কারণে সম্প্রতি বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়াকরণে ধীরগতি দেখা দেয়। আগে যেখানে কয়েক দিনের মধ্যেই ভিসা পাওয়া যেত, সেখানে কিছু ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত সময় লাগছিল। এতে ফসল কাটার মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এই পরিস্থিতিতে কৃষি খাতের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এখন কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে বিদেশি শ্রমিকদের ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের জন্য আবেদন করতে পারবে।

কৃষক সংগঠনগুলোর নেতারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন ব্যবস্থার ফলে ফসল কাটার গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিক পাওয়া সহজ হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে বিশেষ দক্ষতা রয়েছে এবং কোনো খামার মালিকের সঙ্গে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন—এমন বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত