জাতিসংঘ সভাপতির দফতরে লিগ্যাল অফিসার জাইমা রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দফতরে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত দফতরের কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির দফতরে বিভিন্ন পদে ৪০ জন কর্মকর্তা ও কর্মী দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।
দফতরের বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট, মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের প্রকাশিত জীবনীতে বলা হয়েছে, জাইমা রহমান একজন ব্যারিস্টার এবং আইন ও নীতিবিষয়ক পেশাজীবী। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয় ৮ সেপ্টেম্বর।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘ সচিবালয়ের সরাসরি কর্মী নন এবং সংস্থা থেকে নিয়মিত বেতন পান না। সভাপতির দফতরের কাজ পরিচালনায় সদস্যদেশগুলোর স্বেচ্ছা অনুদানে একটি ট্রাস্ট ফান্ডও রয়েছে। খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার পর তার দফতরের কার্যক্রমে সহায়তার জন্য সদস্যদেশগুলোকে এই তহবিলে অবদান রাখার আহ্বান জানিয়েছিলেন।
জাতিসংঘের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির দফতরের মূল লক্ষ্য ও কার্যক্রম পরিচালনায় বিভিন্ন দেশ থেকে কর্মকর্তা ও উপদেষ্টাদের সমন্বয়ে একটি দল কাজ করছে। জাইমা রহমান সেই দলের লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: