সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রকে যে প্রস্তাব দিল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানে ওয়াশিংটনের কাছে সাত দিনের একটি রোডম্যাপের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবের শর্তে সম্মত হলে দ্রুত তা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে তেহরান।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সাংবাদিক ও শিক্ষাবিদদের একটি দলের সঙ্গে আলাপকালে এ প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন আরাঘচি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের প্রস্তাবে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতার শর্তগুলো বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে পারস্পরিক বৈরী কার্যক্রম বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।
আরাঘচি বলেন, ওয়াশিংটন প্রস্তাবে সম্মতি দিলেই তেহরান সেটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। ইরানের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সংঘাত অবসানের প্রস্তাব পৌঁছানো হয়েছে।
ইরানের এই প্রস্তাবে হরমুজ প্রণালিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই প্রণালির পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।
ইরানের প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে আরাঘচি জানান, শর্তগুলো বাস্তবায়ন করা গেলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পথ তৈরি হতে পারে। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: