• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে পুলিশ সদস্যকে হত্যা: গ্রেফতার মারুন কারাগারে, রিমান্ড শুনানি রবিবার

প্রকাশিত: ০০:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাভারে পুলিশ সদস্যকে হত্যা: গ্রেফতার মারুন কারাগারে, রিমান্ড শুনানি রবিবার

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার এজাহারভুক্ত আসামি মারুনকে (২০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য রোববার (২৭ সেপ্টেম্বর) দিন ধার্য করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাভার থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আরিফ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় আবুল কালাম আজাদের অটো গ্যারেজের সামনে এক ব্যক্তির অটো রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। সেই ঘটনা থামাতে গিয়ে আসামিদের রোষের মুখে পড়েন পুলিশ সদস্য মো. আলতাফ হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হামলা চালায়।

আসামিরা আলতাফ হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গেলে ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করে এবং ক্যাশবাক্স থেকে ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 

পরে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আলতাফ হোসেনের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: