• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো 

প্রকাশিত: ১০:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো 

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা এজ্জাহরা এল মানসুরিকে নিয়োগ দিয়েছেন বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। গত সপ্তাহের সংসদীয় নির্বাচনে ফাতিমা মানসুরির দল জয় পাওয়ার পর তাকে নতুন সরকার গঠনের এই দায়িত্ব দেওয়া হয়। 

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত সপ্তাহের নির্বাচনে ফাতিমা মানসুরির দল মধ্যপন্থি ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) সর্বাধিক আসনে জয়লাভ করে। এরপরই তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়। এর মধ্য দিয়ে আরব বিশ্বে দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, ৫০ বছর বয়সী এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে নগর পরিকল্পনামন্ত্রী এবং মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নিজের নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এল মানসুরি। তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণার চার দিন পর এল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হলো। নির্বাচনে রাজতন্ত্রপন্থি তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সবচেয়ে বেশি ভোট পেয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টি পেয়েছে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসনের চেয়ে অনেক কম আসন পেয়েছে পিএএম। ফলে সরকার গঠন করতে দলটিকে জোট করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে এল মানসুরির প্রথম কাজ হবে সেই জোট গঠন করা।

নতুন সরকার গঠনে যে জোট হবে, সেই জোটই ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ কীভাবে বণ্টন করা হবে, তা নির্ধারণ করবে। ২০৩০ সালের বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ মরক্কো, পর্তুগাল ও স্পেন।

১৯৭৬ সালে মারাকেশে জন্মগ্রহণ করেন এল মানসুরি। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রান্সের মন্টপেলিয়ের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষার ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা অর্জন করেন।

শুরুতেই স্থানীয় সরকারে যুক্ত হন তিনি। ২০০৯ সালে মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে শহরটির প্রথম নারী মেয়র হন এল মানসুরি। প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ২০২১ সালের নির্বাচনে আবারও মারাকেশের পৌর পরিষদের নেতৃত্বে ফেরেন তিনি।

সূত্র: আল জাজিরা 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত