• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

প্রকাশিত: ১৩:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় (১৫.৬° উত্তর অক্ষাংশ এবং ৯৭.৬° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত