• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর!

প্রকাশিত: ২১:৩৬, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর!

ছবি: রাহুল গান্ধী (বায়ে) ও জ্ঞানেশ কুমার (ডানে)

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া স্থগিত এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এতে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি নিশ্চিত করতে ১০ দফা প্রতিকার চাওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা বিপুলসংখ্যক সমর্থককে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন। 

আবেদনে এসআইআর শুরুর সিদ্ধান্ত-সংক্রান্ত নথি, বৈঠকের কার্যবিবরণী ও ভোটার তালিকা ব্যবস্থায় প্রবেশের রেকর্ড আদালতে জমা দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। পাশাপাশি এসআইআর-সংক্রান্ত সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা যাচাই এবং আইন লঙ্ঘনের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন রয়েছে।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম-৬ নির্ধারিত বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যথাযথভাবে নথিভুক্ত করার দাবিও জানিয়েছেন আবেদনকারী।

আবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন কমিটি গঠন। ওই কমিটির মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও সংশোধনের ঘটনা তদন্ত, তথ্যভান্ডারে প্রবেশাধিকার পর্যালোচনা এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রযুক্তিগত কাঠামো পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া এসআইআরে বাদ পড়া ভোটারদের নাম, নাম বাদ দেওয়ার কারণ এবং বয়স ও লিঙ্গভিত্তিক তথ্য প্রকাশের দাবি রয়েছে। আইন অনুযায়ী নোটিশ ও শুনানির সুযোগ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ না দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর একটি হলো, আবেদনের বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের সব রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা।

এদিন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবসহ বিরোধী জোটের নেতারা সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও তাদের অন্যতম দাবি।

আবেদনটি আদালতে জমা পড়েছে; তবে এসব দাবির বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত