পর্তুগালে বাড়িভাড়া বাড়ার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৩১
ছবি: এফএমটি
আকাশছোঁয়া বাড়িভাড়া ও আবাসন সংকটের প্রতিবাদে গড়ে তোলা তাঁবু শিবির উচ্ছেদ করেছে পর্তুগালের পুলিশ। রাজধানী লিসবন ও পোর্তো শহরে পৃথক অভিযানে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) ভোরে লিসবনের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার লিসবনের প্রধান সড়ক ধরে হাজারো মানুষ আবাসন সংকটের প্রতিবাদে মিছিল করেন। পরে বিক্ষোভকারীরা শহরের রসিও স্কয়ারে শতাধিক তাঁবু স্থাপন করেন। রবিবার ভোরে কয়েক ডজন পুলিশ সদস্য সেখানে অভিযান চালান। তাদের কারও কারও সঙ্গে ছিলো পুলিশি কুকুর।
পুলিশের ভাষ্য, তাঁবু সরিয়ে নেওয়ার আগেই বিক্ষোভকারীদের সতর্ক করা হয়েছিলো। অভিযানে গ্রেফতার ২৫ জনকে পরে ছেড়ে দেওয়া হয়। তবে সোমবার তাদের আদালতে হাজির হতে হবে।
একই দিনে পোর্তোর প্রাসা দোম জোয়াও প্রথম এলাকায় প্রায় ৫০টি তাঁবুর আরেকটি শিবির উচ্ছেদ করা হয়। সেখানে গ্রেফতার করা হয় ছয়জনকে। দুই অভিযানে পুলিশ ও বিক্ষোভকারীদের সাতজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আয়োজক গোষ্ঠী ‘কাসা পারা ভিভের’ দাবি, আহতের সংখ্যা ৬০।
ইউরোপের অন্যতম তীব্র আবাসন সংকটে থাকা পর্তুগালে ২০১৭ সালের পর বাড়ির দাম দ্বিগুণের বেশি হয়েছে। নতুন ভাড়ার চুক্তিতেও ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। এতে বিশেষ করে তরুণেরা আবাসন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, আবাসন সংকট সমাধানের বদলে সরকার প্রতিবাদকারীদের দমনে বেশি মনোযোগ দিচ্ছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পার্লামেন্টের বাইরে নতুন বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। সূত্র: রয়টার্স
বিভি/এমআর













মন্তব্য করুন: