• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাইক্রোসফটের চাকরি ছাড়লেই মিলবে ক্ষতিপূরণ, থাকছে আরও যেসব সুবিধা

প্রকাশিত: ১১:২৬, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:২৭, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মাইক্রোসফটের চাকরি ছাড়লেই মিলবে ক্ষতিপূরণ, থাকছে আরও যেসব সুবিধা

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রায় ৬০ হাজার কর্মীর জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ তৈরি হয়েছে। চারটি দেশের কর্মীদের জন্য চালু করা এ কর্মসূচিতে যোগ্য ব্যক্তিরা চাকরি ছাড়ার বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ ও নতুন কর্মজীবনে প্রবেশের জন্য সহায়তা পাবেন। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার কর্মীরা এ সুবিধার আওতায় আসতে পারেন। গত জুলাইয়ে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের কয়েক মাস পর নতুন এ উদ্যোগের খবর সামনে এসেছে।

মাইক্রোসফটের এ কর্মসূচির নাম ‘ভলান্টারি এক্সিট অফার’ (ভিইও)। এর আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছাড়তে পারবেন। তবে প্রায় ৬০ হাজার কর্মী এ সুবিধার আওতায় থাকলেও সবাই চাকরি ছাড়বেন, এমন নয়। এ সংখ্যা সম্ভাব্য যোগ্য কর্মীর; নিশ্চিত ছাঁটাইয়ের নয়।

মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পদমর্যাদার ৭০ বা তার নিচের স্তরের কর্মীরা এ কর্মসূচির আওতায় আসতে পারেন। তবে পদমর্যাদা মিলে গেলেই সবাই এ সুবিধা পাবেন না। কর্মীর বিভাগ বা ব্যবসায়িক ইউনিট কর্মসূচিতে অন্তর্ভুক্ত কি না, তার ওপরও যোগ্যতা নির্ভর করবে।

কপাইলট, এআই এক্সপেরিয়েন্সেস, উইন্ডোজ প্লাস ডিভাইসেস, এক্সবক্স, অর্থ বিভাগ ও মানবসম্পদ বিভাগের কর্মীরা এ কর্মসূচির আওতায় রয়েছেন। অন্যদিকে বিক্রয়, বিপণন, বাণিজ্যিক ব্যবসা এবং নিরাপত্তা বিভাগের কর্মীরা এ সুবিধার বাইরে থাকবেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

মাইক্রোসফটের আগের অবসর কর্মসূচির সঙ্গে নতুন উদ্যোগটির পার্থক্য হলো, এবার কর্মীর বয়স বা চাকরির ন্যূনতম মেয়াদের কোনো শর্ত রাখা হয়নি। এমনকি কর্মীর কাজের মূল্যায়ন বা পারফরম্যান্সও যোগ্যতা নির্ধারণের মাপকাঠি নয়।

স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে কর্মীরা কত টাকা পাবেন, তা নির্ভর করবে তাদের কর্মস্থল, বেতন, পদমর্যাদা ও চাকরির মেয়াদের ওপর।

যুক্তরাষ্ট্রে ৬৪ বা তার নিচের স্তরের কর্মীরা প্রতি ছয় মাস চাকরির জন্য এক সপ্তাহের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ পেতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৬৫ থেকে ৬৭ স্তরের কর্মীদের ক্ষেত্রে প্রতি ছয় মাসের চাকরির জন্য দুই সপ্তাহের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। সাধারণভাবে এ ক্ষতিপূরণ সর্বোচ্চ ৩৯ সপ্তাহের বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

ভারতের কর্মীদের জন্য প্রতি পূর্ণ বছরের চাকরির বিপরীতে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্যবিমা ও নতুন কর্মজীবনে প্রবেশের জন্য সহায়তাও প্যাকেজে অন্তর্ভুক্ত থাকতে পারে।

উদাহরণ হিসেবে, ভারতের কোনো কর্মীর মাসিক মূল বেতন ২ লাখ রুপি এবং চাকরির মেয়াদ ১০ বছর হলে তিনি প্রায় ২৬ লাখ টাকা ক্ষতিপূরণ পেতে পারেন। যোগ্য কর্মীদের ২০২৬ সালের ১ ডিসেম্বরের মধ্যে এ প্রস্তাব গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কর্মীদের চাকরি ছাড়ার প্রক্রিয়া ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রত্যেক যোগ্য কর্মীকে ই-মেইলের মাধ্যমে তার জন্য নির্ধারিত প্রস্তাবের বিস্তারিত জানানো হবে।

মাইক্রোসফটের প্রধান জনবল কর্মকর্তা অ্যামি কোলম্যান জানিয়েছেন, কর্মীদের আরও বেশি স্বাধীনতা ও নমনীয়তা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।

তবে এ কর্মসূচির অর্থ এই নয় যে মাইক্রোসফটের ৬০ হাজার কর্মী চাকরি হারাতে যাচ্ছেন। এ সংখ্যা মূলত কর্মসূচির আওতায় আসতে পারেন এমন কর্মীদের। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রয়োজনের ওপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি

বিভি/পিএইচ

মন্তব্য করুন: