বৃষ্টির জন্যে কাতারের ১৩৬ মসজিদে ইস্তিসকার নামাজের আহ্বান
ছবি: কাতারের মরু অঞ্চল
বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা ইস্তিসকার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে কাতারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৫টা ৫৯ মিনিটে দেশটির ১৩৬টি মসজিদ ও নির্ধারিত নামাজের স্থানে একযোগে এ নামাজ অনুষ্ঠিত হবে। এতে মুসল্লিদের সঙ্গে অংশ নেবেন কাতারের আমিরও। তিনি লুসাইলের নামাজের মাঠে (লুসাইল প্রেয়ার গ্রাউন্ড) উপস্থিত হয়ে নামাজ আদায় করবেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি মুসল্লিদের তওবা, ইবাদত-বন্দেগি ও নেক আমলে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মানুষের পাওনা ও অধিকার ফিরিয়ে দেওয়া, নফল রোজা রাখা এবং দান-সদকা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া যাদের অংশ নেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের সবাইকে ইস্তিসকার নামাজে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
ইসলামি বিধান অনুযায়ী, দীর্ঘদিন বৃষ্টি না হলে বা খরার পরিস্থিতি তৈরি হলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা হিসেবে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। সাধারণত জামাতে দুই রাকাত নামাজের পর ইমাম বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন।
উল্লেখ্য, কাতারে মরু জলবায়ুর কারণে বৃষ্টিপাত তুলনামূলক কম। দেশটির পানির চাহিদার বড় অংশ মেটানো হয় সমুদ্রের পানি পরিশোধন ও ভূগর্ভস্থ পানির মাধ্যমে। সূত্র: কাতার ট্রিবিউন, দোহা নিউজ
বিভি/এমআর













মন্তব্য করুন: