হাইনানের পর্যটন ও উন্নয়নের নতুন সম্ভাবনা দেখলেন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা
চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী শহর সানইয়ায় ছয় দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম সফর অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা অংশ নেন। সফরে তারা শহরটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিক পর্যটন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
১ থেকে ৬ নভেম্বর ‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা চীনের পর্যটনশিল্প, স্থানীয় সংস্কৃতি ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
শহরটির লুহুইতোউ পর্যটন এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের প্রধান লি ইংটিং শহরটির আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা তুলে ধরেন।
সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করে সানইয়া পৌর সাইবারস্পেস প্রশাসন। কর্মসূচিটি বাস্তবায়ন করে চায়না নিউজ সার্ভিস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপের হাইনান শাখা।
সফরকালে গণমাধ্যম প্রতিনিধিরা লুহুইতোউ, থিয়ানইয়া হাইচিয়াও, দাসিয়াওদোংথিয়ান, উঝিঝৌ দ্বীপ, ওয়েস্ট আইল্যান্ড এবং ঐতিহাসিক ইয়াঝৌ প্রাচীন নগরী পরিদর্শন করেন। এসব স্থানে তাঁরা স্থানীয় সংস্কৃতি, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী জেলেপল্লির জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পান।
এ ছাড়া হংঝৌ আন্তর্জাতিক ইয়ট মেরিনা, আটলান্টিস সানইয়া, সিডিএফ আন্তর্জাতিক শুল্কমুক্ত বিপণিবিতান এবং সানইয়া জয় সিটি পরিদর্শন করেন তারা। এসব স্থাপনা ঘুরে শহরটির পর্যটনশিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যের অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ করেন।
কর্মসূচিতে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, আন্তর্জাতিক পর্যটনশিক্ষা এবং কৃষিভিত্তিক পর্যটনের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। এর মাধ্যমে সানইয়ার পর্যটন খাতের বহুমুখী সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিভিন্ন ভিসামুক্ত প্রবেশব্যবস্থার আওতায় ৮৮টি দেশের নাগরিক সুবিধা পান। সানইয়ার সঙ্গে বর্তমানে ৩৮টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান রুট চালু রয়েছে।
চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত সানইয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী চলাচল ১০ লাখ ছাড়িয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩০ দশমিক ৩ শতাংশ বেশি।
সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বিদেশি গণমাধ্যমকর্মীদের চীনের সংস্কৃতি, স্থানীয় জীবনযাত্রা এবং আধুনিক উন্নয়ন সম্পর্কে সরাসরি জানার সুযোগ করে দেয়।
আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক গণমাধ্যমে এ সফরের অভিজ্ঞতা ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সানইয়ার পর্যটন সম্ভাবনা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আন্তর্জাতিক যোগাযোগ আরও বিস্তৃত হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: