সৌদির বিমান হামলায় ইয়েমেনে নারী-শিশুসহ ২৫ জন নিহত, দাবি হুথিদের
ছবি: বিবিসি
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যম। রাজধানী সানার পূর্বাঞ্চলীয় আল-শারিয়াহ এলাকায় কয়েকটি ভবনে চালানো এ হামলার পর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা হয়। তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুথি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহর সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করছেন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে শিশুদেরও দেখা গেছে। আহত কয়েকজনকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়।
হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সৌদি আরব এ হামলা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি অনেকটা স্থবির থাকলেও ইরান যুদ্ধের প্রভাবে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। সানা বিমানবন্দরে সৌদি আরবের হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি ভাঙতে শুরু করে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরটিতে ইরানের একটি উড়োজাহাজের অবতরণ ঠেকাতে এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালির বিকল্প হিসেবে ইয়েমেন উপকূলের লোহিত সাগর ব্যবহার করে চলাচলকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে তারা। এরপর থেকে হুথি ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়েছে।
সাম্প্রতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা তাইজ প্রদেশের একটি বাজারে শুক্রবারের হামলায় ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ হামলার জন্য হুথিরা সৌদি আরবকে দায়ী করেছে। অন্যদিকে ইয়েমেন সরকারের বাহিনীর অভিযোগ, হুথিরা সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।
সৌদি আরব নিয়মিত হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা, বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আল-শারিয়াহতে হামলার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
এদিকে ইয়েমেনে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন হুথি নেতা মাহদি আল-মাশাত।
সূত্র: বিবিসি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: