• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

গুয়াতেমালায় বন্দুকধারীদের হামলায় সংসদ সদস্যসহ ৩ পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০০:২৪, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৪, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গুয়াতেমালায় বন্দুকধারীদের হামলায় সংসদ সদস্যসহ ৩ পুলিশ কর্মকর্তা নিহত

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় বন্দুকধারীদের হামলায় এক সংসদ সদস্য ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় জাকাপা বিভাগের রিও হন্ডো শহরে সংসদ সদস্য হুলিও পোর্তিয়োকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মাদক পাচারের জন্য পরিচিত এলাকাটিতে হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে তার দল।

গুয়াতেমালার ন্যাশনাল ইউনিটি অব হোপ (ইউএনই) পার্টি পোর্তিয়োর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির কংগ্রেসও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

শুক্রবার রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়, কংগ্রেসের প্রেসিডেন্ট লুইস কনত্রেরাস, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংসদ সদস্যরা জাকাপা জেলার প্রতিনিধি হুলিও সেসার পোর্তিয়ো পাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

দেশটির প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো জানিয়েছেন, হামলায় নিহত তিন জাতীয় বেসামরিক পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। হত্যাকাণ্ডের তদন্তে নিরাপত্তা বাহিনীকে কৌঁসুলিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে হামলার উদ্দেশ্য কী ছিল, কারা এতে জড়িত- তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

জাকাপা অঞ্চলে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে লোরেনজানা পরিবারের নেতৃত্বাধীন একটি অপরাধী চক্রের হাতে। মেক্সিকোর সিনালোয়া কার্টেলের সঙ্গেও এই চক্রের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

২০২৩ সালে বিরোধী দল কাবালের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পোর্তিয়ো। পরে তিনি সাবেক ফার্স্ট লেডি সান্দ্রা তোরেসের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি অব হোপ পার্টিতে যোগ দেন। আগামী বছর গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা রয়েছে তোরেসের।

এ হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ আগে গুয়াতেমালা সিটিতে গুলিতে নিহত হন দুর্নীতিবিরোধী সাবেক কৌঁসুলি হুয়ান ফ্রান্সিসকো সোলোরজানো ফোপ্পা। ওই ঘটনা দেশটিতে সংগঠিত অপরাধী চক্রের প্রভাব এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড ফিরে আসার আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

তবে সাম্প্রতিক সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক ওই কৌঁসুলির হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত