ট্রাম্প-পুতিন-শি জিনপিং: এক টেবিলে বসছেন তিন বিশ্বনেতা
ট্রাম্প-পুতিন-শি জিনপিং। ছবি: বিবিসি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। ওয়েলস জানান, বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ছাড়া ইরান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বলে জানা গেছে।
বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে কোনো চুক্তি বা সমঝোতা হওয়ার প্রত্যাশা করছে না যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এ বিষয়ে এখনো মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। ২১ সদস্যদেশের অংশগ্রহণে দুই দিনের এপেক সম্মেলনে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসবেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে তাঁর চতুর্থ বৈঠক।
এর আগে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনেও অংশ নেবেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্রের ভাষ্য, এ সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়ার পাশাপাশি মার্কিন জনগণের জন্য গুরুত্বপূর্ণ অর্জন নিশ্চিত করতে চান প্রেসিডেন্ট।
এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও কার্যত ইতি ঘটেছে।
নতুন একটি কাঠামো তৈরিতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর জন্য দুই দেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে ট্রাম্প বলেছেন, পুরোনো চুক্তির পরিবর্তে আরও ভালো একটি চুক্তি করা সম্ভব, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে বেইজিং।
তবে সাবেক মার্কিন কর্মকর্তারা ও বিশ্লেষকদের মতে, এ ধরনের চুক্তিতে চীন ও রাশিয়ার সহযোগিতা পাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে এবং এ প্রক্রিয়ায় কয়েক বছরও লেগে যেতে পারে।
চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে আলাদাভাবে আতিথ্য দেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। এ পরিস্থিতিতে মস্কোর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে বেইজিং। তবে রাশিয়ার ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত চুক্তি এবং দেশটির তেল-গ্যাসের বড় ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব পদক্ষেপকে ক্রেমলিনের প্রতি ট্রাম্প প্রশাসনের নমনীয় মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখছে ইউরোপের কিছু দেশ।
অন্যদিকে বেইজিং ও ওয়াশিংটনে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প ও শি জিনপিং দুই দেশের সম্পর্কের উষ্ণতা তুলে ধরার চেষ্টা করেছেন। তবে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা এবং তাইওয়ান ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইরান যুদ্ধও দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের একটি কারণ হয়ে উঠেছে। চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা ও প্রধান বাণিজ্যিক অংশীদার।
শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে তিন নেতার সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তারা।
এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্মেলনের ফাঁকে এ ধরনের বৈঠকের বিষয়ে প্রস্তুতির ইতিবাচক ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছিলেন। সূত্র: বিবিসি
বিভি/এজেড













মন্তব্য করুন: