ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক
ছবি: এআই
ভারতের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর নজরদারির উদ্দেশ্যে মহাকাশে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। এই নেটওয়ার্কের আওতায় এমন এক ব্যবস্থা তৈরি হচ্ছে, যাতে করে একটি স্যাটেলাইট কোনো স্থান থেকে অবস্থান বদল করলে আরেকটি স্যাটেলাইট সেই জায়গার নজরদারির দায়িত্ব নিতে পারে। এতে করে ভারতের বিস্তীর্ণ ভূখণ্ডের ওপর প্রায় নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ সম্ভব হবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা দিগন্তরের একটি বিশ্লেষণী প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় বেইজিং-ইসলামাবাদের মধ্যে মহাকাশ সহযোগিতা আরও সুসংহত হয়।
প্রতিবেদনে চীনের উচ্চ রেজল্যুশনের অপটিক্যাল স্যাটেলাইট ‘ইয়াওগান-৪১’-এর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ৮৮ ঘণ্টার ওই সংঘাতের সময় এটি ভারতের বিমানঘাঁটিগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দিগন্তরের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান মহাকাশে ছয়টি স্যাটেলাইট পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের উৎক্ষেপণকেন্দ্র ও রকেট ব্যবহার করে কক্ষপথে স্থাপন করা হয়। এসব স্যাটেলাইট চীনের বিদ্যমান নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, বিমানঘাঁটি ও নৌ-স্থাপনার ছবি সংগ্রহের সক্ষমতা বাড়াচ্ছে।
এ ছাড়া চীন নেতৃত্বাধীন এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম (অ্যাপোসস) প্রকল্পেও যুক্ত রয়েছে পাকিস্তান। দেশটিতে প্রকল্পটির একটি পর্যবেক্ষণকেন্দ্র রয়েছে। সেখানকার তথ্য বেইজিংয়ের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কেন্দ্রে পাঠানো হয়।
বিশেষজ্ঞদের মতে, চীন-পাকিস্তানের এই ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতা ভারতের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। পাল্টা নজরদারি সক্ষমতা বাড়ানো এখন দিল্লির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিভি/এইচজে













মন্তব্য করুন: