সাইবার হামলার শিকার মার্কিন বিমানবাহিনী, ২০০ ঘাঁটির তথ্য ফাঁসের শঙ্কা
প্রতীকী ছবি
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বাহিনীর সংবেদনশীল সামরিক তথ্য, কৌশলগত পরিকল্পনা, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এবং সরবরাহ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার তথ্য ঝুঁকিতে পড়েছে। বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে মজুত বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাবসংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিয়ে।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর দুজনের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে সিস্টেম হালনাগাদের কাজ চলার সময় ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ শনাক্ত হয়। এর পর থেকে পুরো প্ল্যাটফর্মের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে কিংবা হামলার মাধ্যমে কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা পরিচালনাসংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, প্রযুক্তিগত ব্যবস্থা এবং সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রযুক্তি প্রতিষ্ঠানের বিভিন্ন রিসোর্স একীভূত করে তৈরি করা হয়েছে এটি। প্ল্যাটফর্মটির মাধ্যমে কয়েক ডজন অ্যাপ্লিকেশন পরিচালিত হয়। এসব অ্যাপ্লিকেশনের আওতায় রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য, বেতন ব্যবস্থাপনা, সামরিক সরঞ্জামের সরবরাহ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কার্যক্রম।
প্রশাসনিক কাজের পাশাপাশি বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রমও এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। উত্তর আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা আকাশ প্রতিরক্ষা রাডারসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে এই ব্যবস্থা।
এ ছাড়া ক্লাউড ওয়ানের আওতায় রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে মজুত বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণ এবং ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এই সিস্টেম।
সূত্রগুলোর দুজনের দাবি, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তাদের একজন রয়টার্সকে বলেছেন, এই ব্যবস্থায় হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা অত্যন্ত গুরুতর।
সাইবার হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ড’-এর সহায়তা চেয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও সাইবার কমান্ড কোনো সাড়া দেয়নি।
সূত্র: রয়টার্স
বিভি/টিটি













মন্তব্য করুন: