পাঞ্জাবের গভর্নরকে সরিয়ে দিলেন ইমরান খান
পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে ইমরান খানের সরকার। তার জায়াগায় নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পিটিআই-এর প্রাক্তন তথ্য সচিব ওমর সরফরাজ চিমাকে। রবিবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনকে এই তথ্য নিশ্চিত করেছেন, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট দিয়ে ওমর চিমা জানিয়েছেন, নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি তত্ববাধায়ক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি এবং মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগের আগেই এই ঘোষণা দেওয়া হয়েছে।
ফেডারেল সরকার কেন সরোয়ারকে অপসারণ করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া দেশটির তথ্যমন্ত্রীও কোনো কারণ জানাননি। ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, পরে নতুন গভর্নর ঘোষণা করা হবে।
সারওয়ার ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রাক্তন সদস্য। তিনি ব্রিটেনে রাজনৈতিক ক্যারিয়ার ত্যাগ করে ২০১৩ সালে পাকিস্তানে আসেন। এরপর পাকিস্তান মুসলিম লীগ (এন)-এ যোগ দেন এবং ২০১৩ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। পরে তাকে পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালে তিনি গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন এবং পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই এ যোগ দেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ইমরান খানের সরকার তাকে আবার পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। সেই পদ থেকে অবশেষে তাকে সরিয়ে দেওয়া হলো।
বিভি/এনএম



মন্তব্য করুন: