সোনিয়া গান্ধীর পর এবার করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগেই জানা গিয়েছিলো। মাত্র একদিনের ব্যবধানে এবার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও।
শুক্রবার (৩ জুন) ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তথ্য প্রিয়াঙ্কা গান্ধী নিজেই টুইট করে জানিয়েছেন। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।
I've tested positive for COVID-19 with mild symptoms. Following all the protocols, I have quarantined myself at home.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 3, 2022
I would request those who came in contact with me to take all necessary precautions.
এনডিটিভির প্রতিবেদনে বলা হযেছে, শুক্রবার সকালে টুইটারে দেওয়া এক বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মৃদু উপসর্গ রয়েছে। ভাইরাস শনাক্ত হওয়ার পর বর্তমানে বাড়িতেই তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। বিগত কয়েকদিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘নবসংকল্প কার্যশালা’য় যোগ দিতে বৃহস্পতিবার উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু মাঝপথেই কর্মসূচি ছেড়ে চলে আসেন তিনি। রাতে দিল্লিতেও ফিরে আসেন। এরপরই জল্পনা শুরু হয়, মায়ের অসুস্থতার খবর পেয়েই হয়তো তিনি দিল্লিতে ফিরে এসেছেন। তবে সেই সময়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কার করোনা আক্রান্ত হওয়া সম্পর্কে কিছু জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার কংগ্রেস নেতা ও দলটির মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা জানিয়েছিলেন, তাদের দলনেত্রী সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। তার মৃদু উপসর্গ রয়েছে এবং বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। বিগত কয়েকদিনে তিনি একাধিক বৈঠক করেছিলেন।
বিভি/এএন



মন্তব্য করুন: